পটুয়াখালীর বাউফল উপজেলার সম্মুখ সমরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার রাতে তার মরদেহ বাউফলে আনা হয় এবং ঐতিহাসিক পাবলিক মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফনের আগে প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এ সময় বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজার আগে সহযোদ্ধারা ১৯৭১ সালের রণাঙ্গনে মকবুল হোসেন তালুকদারের বীরত্বপূর্ণ ভূমিকার স্মৃতিচারণ করেন। মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তার শেষ বিদায়ে অংশ নেন।