বরিশাল

বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিকসহ আহত ৪

পটুয়াখালীর বাউফলে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেলের ধাক্কায় দুই সাংবাদিকসহ চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের সোনামদ্দিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন—দৈনিক সোনালী খবরের বাউফল প্রতিনিধি আল রাফি (২৮) ও দৈনিক এদিন পত্রিকার প্রতিনিধি রুবেল হোসেন (৩০)। এছাড়া মোটরসাইকেল আরোহী আনিচুর রহমান (১৯) ও মো. শাহিন (১৯) নামের দুই তরুণও আহত হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মদনপুরা ইউনিয়নের দীঘার পাড় এলাকায় সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিকরা সোনামদ্দিন মোড় এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় ঘন কুয়াশার কারণে সড়ক পরিষ্কার না থাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ওই চারজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 



সম্পর্কিত খবর