চট্টগ্রাম প্রতিদিন

বেগমগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাত, নিহত ১

নোয়াখালীর বেগমগঞ্জে বাজি ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে আরিফ (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রুগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। নিহত আরিফ ওই বিরোধ মীমাংসার চেষ্টা করলে তাকে স্থানীয় একটি দোকানে মারধর করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় রুগুরামপুর গ্রামে তার ওপর পুনরায় হামলা চালিয়ে বুকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের দুই চাচাতো ভাই উমায়ের ও ওমর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান জানান, ক্রিকেট খেলার বিরোধেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।



সম্পর্কিত খবর