ঢাকা

বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল মনে রাখবে: খায়রুল কবির খোকন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং গণতান্ত্রিক সংগ্রামের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে মনে রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নরসিংদী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। খায়রুল কবির খোকন বলেন, “নীতির প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ মিলেছে তাঁর প্রয়াণে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় যেমন গোটা বাংলাদেশ উপস্থিত ছিল, তেমনি বেগম খালেদা জিয়ার বিদায়ের সময় পুরো বিশ্ব শোক প্রকাশ করেছে।”

 

তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা শোক জানানোর পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করার মাধ্যমে তাঁর রাজনৈতিক উচ্চতাকে স্বীকৃতি দিয়েছে।

 

নরসিংদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। ফোরামের সাধারণ সম্পাদক মো. মাসুদুল আলম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান ভূইয়া, পাবলিক প্রসিকিউটর আবদুল বাসেত ভূঞাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর