খুলনা

বেনাপোলে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্মীদের লগি-বৈঠার তাণ্ডবে সারা দেশে ইসলামী আন্দোলনের অসংখ্য কর্মীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং শহীদদের স্মরণে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে যশোরের বেনাপোল পোর্ট থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

 

জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সহকারী পরিচালক (যশোর-কুষ্টিয়া অঞ্চল) ও যশোর-১ (শার্শা) সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা আজিজুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলার নায়েবে আমির হযরত মাওলানা হাবীবুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানার আমির মো. রেজাউল ইসলাম খান।

 

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়। সেদিন পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডবে ইসলামী ছাত্রশিবিরের ছয়জন কর্মী শাহাদাতবরণ করেন। শহীদদের স্মরণে ইসলামী ছাত্রশিবির প্রতি বছর দিনটিকে “পল্টন ট্র্যাজেডি দিবস” হিসেবে পালন করে আসছে।

 

বক্তারা আরও বলেন, "রক্তে রঞ্জিত ক্ষত-বিক্ষত প্রিয়জনের মুখ আজও আমাদের চোখে ভাসে। জীবনের প্রদীপ নিভিয়ে দিয়েছিল গণধিকৃত বর্বর হায়েনারা।" তারা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপামর জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা হুঁশিয়ারি দেন, ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত শিবির ক্ষান্ত হবে না।



সম্পর্কিত খবর