চট্টগ্রাম প্রতিদিন

মাটিরাঙায় সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙায় পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে মাটিরাঙা সেনা জোন (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি)। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।

 

কর্মসূচির শুরুতে স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। এরপর মানবিক সহায়তার আওতায় এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ, কারবারী ও ভিডিপি সদস্যদের আর্থিক অনুদান এবং একটি মন্দিরে সাউন্ড সিস্টেম প্রদান করা হয়।

 

দিনব্যাপী এই কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পায় ফ্রি মেডিকেল ক্যাম্প। সেখানে ডা. ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী ও ক্যাপ্টেন সুমাইয়া ইসলাম স্থানীয় অন্তত ৩০০ জন পাহাড়ি বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।

 

এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান বলেন, “পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক এই কার্যক্রমের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 


সম্পর্কিত খবর