নরসিংদীর মাধবদীতে জাহিদুল ইসলাম (২৫) নামে এক ছাত্রদল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জাহিদুল নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি জিনারদী ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন এবং পেশায় শেখেরচর হাটের একজন ব্যবসায়ী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে জাহিদুল জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তাঁর মুঠোফোনে একটি কল এলে তিনি জরুরি প্রয়োজনে মাধবদীর নোয়াপাড়া এলাকায় যান। সেখানে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, “জাহিদুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”
হত্যাকাণ্ডের বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। নিহতের পরিবার দাফন শেষে মামলা করবেন বলে জানিয়েছেন।”