পাকিস্তান তখন নিশ্চিত পরাজয়ের শঙ্কায়। জয়ের জন্য প্রয়োজন আরো ৮৮ রান, হাতে একটিমাত্র উইকেট। ‘প্রায় অসম্ভব’ পরিস্থিতিতে ব্যাট হাতে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন শাদাব খান। হারিস রউফকে সঙ্গে নিয়ে গড়েছেন রেকর্ড জুটি, পাকিস্তানকে এনে দিয়েছেন অবিস্মরণীয় জয়; যা মা ও স্ত্রীকে উৎসর্গ করেছেন শাদাব। লাহোরে গতকাল (২৫ অক্টোবর) রাতে ইংল্যান্ডের বিপক্ষে ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৪ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।
সেখান থেকে শাদাবের অপরাজিত ১১৩ রানের ইনিংসে ৪৭.১ ওভারে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দলটি।
এই জয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালেও জায়গা করে নেয় পাকিস্তান।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অনুভূতি প্রকাশ করেছেন শাদাব, ‘আলহামদুলিল্লাহ। আমার জীবনের সবচেয়ে অসাধারণ দুই নারী—মা ও স্ত্রীকে এই জয় উৎসর্গ করছি।’
শাদাব খানের স্ত্রী পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের মেয়ে মালাইকা সাকলাইন। ২০২৩ সালের জানুয়ারিতে মালাইকাকে বিয়ে করেন শাদাব।
সতীর্থ হারিস রউফের অবদানের কথাও আলাদাভাবে উল্লেখ করেছেন পাকিস্তানের এই লেগ স্পিন অলরাউন্ডার, ‘হারিস রউফের জন্য বিশেষভাবে বলতে চাই, আমরা কেবল দল হিসেবে জিতি, আর এই জুটিতে সে সেটাই দেখিয়েছে। পুরো দলকে ধন্যবাদ। পাকিস্তান জিন্দাবাদ।
’
অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটি গড়ে পাকিস্তানকে জেতান শাদাব-রউফ, যা ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে সফল রান তাড়ায় দশম উইকেটে সর্বোচ্চ।