সিলেট

মৌলভীবাজারে দুই দশক পর তারেক রহমান, নির্বাচনী জনসভার প্রস্তুতি তুঙ্গে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর মৌলভীবাজারে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি সদর উপজেলার শেরপুরের আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। এই সফরের মধ্য দিয়েই সিলেট বিভাগে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার শুরু হতে যাচ্ছে।

 

দলীয় সূত্র মতে, তারেক রহমান ২১ জানুয়ারি রাতে আকাশপথে সিলেট পৌঁছাবেন। পরদিন সকালে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট আলিয়া মাদরাসা মাঠে প্রথম জনসভায় অংশ নেবেন। এরপর দুপুর ১টায় সড়কপথে মৌলভীবাজারের শেরপুরে আইনপুর মাঠে দ্বিতীয় জনসভায় যোগ দেবেন। এই জনসভায় মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি। এরপর তিনি হবিগঞ্জের জনসভায় যোগ দেবেন।

 

তারেক রহমানের আগমন উপলক্ষে গত রোববার (১১ জানুয়ারি) মৌলভীবাজারের বেঙ্গল কমিউনিটি সেন্টারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনসহ শীর্ষ নেতারা মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা দেন।

 

মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান বলেন, "দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের নেতা আসছেন। এটি আমাদের জন্য শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি বড় সুযোগ। আমরা আশা করছি দুপুর ১টার মধ্যেই তিনি আইনপুর মাঠে উপস্থিত হবেন।"

 

এদিকে, দীর্ঘ বিরতির পর শীর্ষ নেতার আগমন ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, এই জনসভায় মৌলভীবাজারের জন্য পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন, শমশেরনগর বিমানবন্দর সচল এবং ঢাকা-শ্রীমঙ্গল রুটে নতুন ট্রেন সার্ভিসের দাবিগুলো গুরুত্ব পাবে। এর আগে ২০০৫ সালে তারেক রহমান সর্বশেষ সিলেট সফর করেছিলেন।



সম্পর্কিত খবর