যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে ঘুষের এক লাখ ২০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে দুদকের একটি বিশেষ দল তাকে আটক করে।
দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দুদক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ফাঁদ পাতা হয়। এসময় এক শিক্ষকের কাছ থেকে ঘুষ গ্রহণের সময় তাকে ধরা হয় এবং তার কক্ষ থেকে ঘুষের নগদ এক লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ভুক্তভোগী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশনের ফাইল ছাড় করার বিনিময়ে আশরাফুল আলম তিন মাস ধরে তাকে হয়রানি করছিলেন। এর আগে প্রথম দফায় তিনি ৮০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। আজ দ্বিতীয় দফায় আরও এক লাখ ২০ হাজার টাকা নেওয়ার সময় তিনি ধরা পড়েন। নুরুন্নবী আরও অভিযোগ করেন, টাকা না দিলে পেনশনের ফাইল আটকে দেওয়া এবং বেতন কাঠামো কমিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওই কর্মকর্তা।
দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, "গোপন সংবাদ ও অভিযোগের সত্যতা যাচাই করে আমরা এই অভিযান পরিচালনা করেছি। আটক আশরাফুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"