খুলনা

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা: মূল শুটার ত্রিদিব গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

যশোরের বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান শুটার ত্রিদিব চক্রবর্তী মিশুককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

 

বুধবার সন্ধ্যায় যশোর শহরের বেজপাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে ত্রিদিবকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার চিরুনি কল সংলগ্ন মালতী চক্রবর্তীর ছেলে। যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম আসামির জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অলক কুমার দে (পিপিএম) জানান, গত ৩ জানুয়ারি রাতে আলমগীর হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর পুলিশ তদন্তে নামে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে ঘাতককে শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, জবানবন্দিতে ত্রিদিব জানিয়েছেন—এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন জামাই পরশ ও তার সহযোগী সাগর। মূলত তাদের নির্দেশেই আলমগীর হোসেনকে টার্গেট করে গুলি চালানো হয়।

 

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাতে নিজ এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বাদী হয়ে পরশ ও সাগরসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন।



সম্পর্কিত খবর