খুলনা

যশোরে ৩০২ কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যাম, নিরাপত্তায় নামছে সেনাবাহিনী

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনের ৩০২টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের পাশাপাশি দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের শরীরে থাকবে 'বডি ওর্ন ক্যামেরা'।

 

জেলা নির্বাচন অফিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, যশোরের ৬টি আসনে মোট ৮২৪টি ভোটকেন্দ্রের ৪ হাজার ৬৭৯টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনায় ৮২৪ জন প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ৬৭৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯ হাজার ৩৫৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

 

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব ও বিজিবির মোট ১৪ হাজার ৬২ জন সদস্য মাঠে থাকছেন। এর মধ্যে ১০ হাজার ৭১২ জন আনসার এবং আড়াই হাজার পুলিশ সদস্য সরাসরি কেন্দ্রে ও স্ট্রাইকিং ফোর্সে দায়িত্ব পালন করবেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, "যশোরের ৬টি আসনে চিহ্নিত ৩০২টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পোশাকে বডি ক্যামেরা সংযুক্ত থাকবে।"

 

সেনাবাহিনীর মেজর ইফতেখার জানান, শার্শা এবং চৌগাছা-ঝিকরগাছা আসনে বিজিবি প্রধানত দায়িত্ব পালন করবে। বাকি ৪টি আসনে সেনাবাহিনীর সাড়ে ৮০০ সদস্য এবং বিমানবাহিনীর ৫০ জন সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া র‍্যাবের ১২টি টহল দল এবং বিজিবির ১৫ প্লাটুন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।

 

আসনভিত্তিক পর্যবেক্ষণে দেখা গেছে, মণিরামপুর (যশোর-৫) আসনে সর্বোচ্চ ৯৩টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এ ছাড়া সদর (যশোর-৩) আসনে ৫০টি, শার্শায় ৫১টি, চৌগাছা-ঝিকরগাছায় ৪৫টি, বাঘারপাড়া-অভয়নগরে ৪২টি এবং কেশবপুর আসনে ২১টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।



সম্পর্কিত খবর