নওগাঁর রাণীনগরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শনিবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় থানা-পুলিশ অভিযান চালিয়ে নিশান আলী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার নিশান উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়ার সোলেমান আলীর ছেলে।
দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি তার নিজ বাড়িতে মাছ ধরার জালের কাজ করছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে নিশান মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডলের ভাষ্যমতে, ধর্ষণের অভিযোগে শিশুর মা বাদী হয়ে নিশানের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে নিশানকে গ্রেপ্তার করা হয়। রোববার গ্রেপ্তার নিশানকে আদালতে এবং শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।