আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ এ দেশের বিচারবহির্ভূতভাবে অনেক মানুষকে হত্যা করেছে। তারা বিগত ১৭ বছরে আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে। জুলাইয়ের আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা ও ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে চাপালি গ্রামের মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পলাতক আওয়ামী লীগ এখন গোপালগঞ্জের সন্ত্রাসীদের দিয়ে সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে।’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ক্ষমতায় থেকে যেভাবে হত্যা ও সন্ত্রাস করেছেন, সেই দিবাস্বপ্ন এখন আর দেখার চেষ্টা করবেন না। কেউ যদি মনে করেন মোটরসাইকেলে এসে একটা বোমা মেরে দৌড়ে পালিয়ে যাবেন আর বিএনপির নেতাকর্মী, প্রশাসন ও বিরোধীরা চুপচাপ বসে থাকবেন—এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের নেতাকর্মীরাও আপনাদের বাড়িঘর চেনেন। তাঁদেরও মোটরসাইকেল ও গাড়িঘোড়া আছে, জবাব দেবেন।’
এটি আমাদের দ্ব্যর্থহীন উক্তি উল্লেখ করে আইনমন্ত্রী আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, ফ্যাসিস্টদের আর ফিরে আসার সুযোগ নেই।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, আইনমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুর রহমান, ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ।
চাপালী যুব সংঘের আয়োজনে বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হরিনাকুন্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি ১-০ গোলে ঝিনাইদহ হামদহ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব সাংবাদিক আজাদ রহমানের সঞ্চালনায় খেলা শেষে বিজয়ী হরিনাকুন্ডু দলের হাতে পুরস্কার তুলে দেন আইনমন্ত্রীসহ অতিথিরা।