নওগাঁর রাণীনগরে গভীর রাতে একটি হোটেলের রান্নাঘরের চুলা থেকে ছড়ানো আগুনে দুটি দোকানঘর ও মালামাল ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সিম্বা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিম্বা বাজারের একটি হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী আব্দুল বারিক টুকুর মুদি দোকান ও মোজাফ্ফর আকন্দের চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকান দুটির আসবাবপত্র ও ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল বারিক টুকুর ছেলে সৈকত বলেন, "রাত ৩টার দিকে আগুনের খবর পেয়ে আমরা বাজারে আসি। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু হোটেলের চুলা থেকে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকান রক্ষা করা সম্ভব হয়নি। আমাদের সব শেষ হয়ে গেছে।"
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সাইদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে হোটেলের চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।