খুলনা

লোহাগড়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নড়াইলের লোহাগড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার কোটাকোল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কোটাকোল বায়তুল ফালাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত সাবেক প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে লোহাগড়া উপজেলা কৃষকদলের প্রয়াত সভাপতি খায়রুজ্জামান আলমের আত্মার মাগফিরাত কামনায়ও দোয়া করা হয়।

 

কোটাকোল ইউনিয়ন কৃষকদলের সভাপতি বি এম এ রকিব টুনুর সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ। এছাড়া নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল, লোহাগড়া পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম শাহীন বিপ্লবসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি ও ওমর ফারুক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল, কৃষকদল ও মহিলাদলের কয়েকশ নেতা-কর্মী অংশ নেন।



সম্পর্কিত খবর