ঢাকা

শনিবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা: ৩৭০১ আসনে লড়বেন ৮৮ হাজার শিক্ষার্থী

দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে এবার লড়বেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ২৪ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় নামবেন।

 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আগামী শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী বহুনির্বাচনী বা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইটে (https://acas.edu.bd) প্রকাশ করা হয়েছে।

 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন, কেন্দ্র ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভিজিল্যান্স টিম কাজ করবে।”

 

এবারের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

 

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য কৃষি গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।



সম্পর্কিত খবর