রাজনীতি

শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা বিশ্বের ঘৃনিত ইতিহাসের নিকৃষ্ট অধ্যায়: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, "শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় জীবনের এক শোকাবহ দিন।" তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসায় স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

তিনি বলেন, "পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা মহান স্বাধীনতা যুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে নারকীয় ষড়যন্ত্রের মাধ্যমে জাতির মেধা ও মননের ওপর আঘাত হানে। শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা বিশ্বের ঘৃনিত ইতিহাসের নিকৃষ্ট অধ্যায়।"

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, "বাংলাদেশের স্বাধীনতা যখন নিশ্চিত হয়েছিলো এবং গৌরবের লাল-সবুজ পতাকার বিজয় মিছিল যখন সময়ের ব্যাপার ছিলো, তখন পাকবাহিনী নিশ্চিত পরাজয়ের মুখে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে আমাদের মেধাশূন্য করতে চেয়েছিল। তাদের এই ষড়যন্ত্রে প্রাণ হারিয়েছেন অগণিত সূর্যসন্তান। মিরপুর ও রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আজও বাঙালি জাতির কাছে শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হয়ে আছে।"

শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করে জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের “নতুন বাংলাদেশ” গড়তে অঙ্গীকারাবদ্ধ বলে তিনি জানান।

তিনি শহীদ পরিবারের শোকার্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং জাতির এই বেদনার দিন স্মরণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

বায়ান্ন/এসএ

 

 



সম্পর্কিত খবর