খুলনা

শার্শায় বোরো ধান রোপণের ধুম, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা

টানা কুয়াশা কাটিয়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া শুরু হতেই যশোরের শার্শা উপজেলায় বোরো ধান রোপণের ধুম পড়েছে। গত দুই সপ্তাহ ধরে অনুকূল পরিবেশ বিরাজ করায় উপজেলার প্রতিটি মাঠে এখন কৃষকদের ব্যস্ততা তুঙ্গে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত তিন বছরের রেকর্ড ভেঙে এবার শার্শায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো চাষাবাদের সম্ভাবনা দেখা দিয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে শার্শায় ২৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ১৪০ হেক্টর জমিতে রোপণ সম্পন্ন হয়েছে এবং বীজতলার কোনো সংকট নেই। কৃষকরা ব্রি ধান-৫০, ৬৩, ১০০ ও রড মিনিকেটসহ উচ্চফলনশীল বিভিন্ন জাতের ধান চাষ করছেন।

 

বারোপোতা গ্রামের কৃষক জুলফিকার আলী জানান, মৌসুমের শুরুতে তীব্র শীত ও কুয়াশার কারণে কিছুটা বিলম্ব হলেও বর্তমানে আবহাওয়া খুব ভালো। সার ও সেচের কোনো সংকট না থাকায় তাঁরা পুরোদমে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় কৃষকরা আরও জানান, পাওয়ার ট্রিলার ব্যবহারের ফলে চাষাবাদে সময় ও খরচ দুই-ই কমছে।

 

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, “অনুকূল আবহাওয়ার পাশাপাশি আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করছি। আশা করছি এবার ফলন ও লক্ষ্যমাত্রা উভয়ই অতীতের রেকর্ড অতিক্রম করবে।”

 

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশারফ হোসেন জানান, এ বছর ২ হাজার ৬৩৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে, যার ৬০ শতাংশই আদর্শ বীজতলা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বিদ্যুৎ ও সারের সরবরাহ স্বাভাবিক থাকলে কৃষকরা সোনালি ফসল ঘরে তুলতে পারবেন।



সম্পর্কিত খবর