আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ১০২টি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১ হাজার ৮৩৩ জন কর্মকর্তা নিয়োগের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে জেলা নির্বাচন অফিস।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে শার্শা আসনে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৮০৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮২৩ জন। এছাড়া এই আসনে ৩ জন হিজড়া ভোটার রয়েছেন। ভোটারদের সুবিধার্থে ১০২টি ভোটকেন্দ্রে মোট ৫৭৭টি স্থায়ী ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে।
ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচনী কর্মকর্তাদের একটি শক্তিশালী প্যানেল গঠন করা হয়েছে। এর মধ্যে ১০২ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫৭৭ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ১ হাজার ১৫৪ জন পোলিং কর্মকর্তা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
যশোর জেলা নির্বাচন অফিস জানায়, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকার হালনাগাদ তথ্যের ভিত্তিতেই এই চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।