ঢাকা

শিবপুরে ডিবির অভিযানে ফেনসিডিলসহ পিকআপ জব্দ, আটক ২

নরসিংদীর শিবপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল চেকপোস্ট পরিচালনা করে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাষপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ।

 

আটক ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়ামাটি গ্রামের মো. বুরহান উদ্দিন (২২) এবং জৈন্তাপুর উপজেলার রামপ্রসাদ গ্রামের মো. সাহিদ আহমেদ (২৫)।

 

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেনের নেতৃত্বে একটি দল শাষপুর বদু মার্কেটের সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। সন্দেহভাজন একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালালে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে মাদক ও গাড়িটি পুলিশি হেফাজতে নেওয়া হয়।

 

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

 


সম্পর্কিত খবর