খুলনা

শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়ম, বাধা দেওয়ায় মারধর

ঝিনাইদহের শৈলকুপায় দেড় কিলোমিটার সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার কাঁচেরকোল বাজার থেকে রাজাপুর পর্যন্ত ১ কোটি ৫০ লাখ টাকার এই কাজে বাধা দেওয়ায় স্থানীয় যুবকদের মারধর করেছে সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিত্তিপাড়া বাজার থেকে রাজাপুর পর্যন্ত অংশে তড়িঘড়ি করে রাস্তার ভিত্তি মজবুত না করেই নিম্নমানের ইট ও পোড়া মাটি ব্যবহার করা হচ্ছে। ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৩৮৬ টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘মেসার্স ঝিনাইদহ বাজার’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, সাব-ঠিকাদার ইলিয়াস আলী রাজনৈতিক প্রভাবে টেকসই সড়কের পরিবর্তে হাত দিয়ে ভাঙা যায় এমন ভঙ্গুর ইট ব্যবহার করছেন।

স্থানীয় বাসিন্দা আপেল মাহমুদ জানান, কাজ নিম্নমানের হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ জানালে ইলিয়াস আলীর নেতৃত্বাধীন লোকজন তাদের ওপর হামলা ও মারধর করে। গ্রাম্য চিকিৎসক এস এম আকাম উদ্দিন বলেন, “আমাদের বহুদিনের কাঙ্ক্ষিত এই রাস্তাটি যেভাবে তৈরি হচ্ছে, তাতে প্রথম বর্ষাতেই ধসে যাওয়ার ঝুঁকি রয়েছে। সঠিক মান যাচাই করতে গেলে উল্টো আমাদের হুমকি দেওয়া হচ্ছে।”

তবে অভিযোগ অস্বীকার করে সাব-ঠিকাদার ইলিয়াস আলী দাবি করেন, সড়ক নির্মাণের সব নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। কোনো অনিয়ম বা হামলার ঘটনা ঘটেনি।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, “সড়ক নির্মাণে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”



সম্পর্কিত খবর