ঝিনাইদহের শৈলকুপায় বিএনপি ও যুবদলের দুই পক্ষের সামাজিক বিরোধের জেরে হামলার প্রতিবাদ ও আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ চৌধুরী ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৯ জানুয়ারি সকালে আবু জাহিদ চৌধুরীর সমর্থকরা প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত জাহিদ, ফদিয়ার মেম্বার, আহমেদ ও সোহেল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা মোক্তার হোসেন, আহত ফদিয়ার মেম্বারের বড় ভাই মশিয়ার রহমান, জাহিদুলের মা রিজিয়া খাতুন ও আকলিমা খাতুনসহ আহতের স্বজনরা। বক্তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।