রংপুর

হলফনামায় তথ্যের ভুল সংশোধন করেছেন সারজিস আলম

পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলম জানিয়েছেন, তাঁর নির্বাচনী হলফনামায় আয়কর সংক্রান্ত তথ্যে একটি 'টাইপিং ভুল' ছিল, যা ইতিমধ্যে আইনগত প্রক্রিয়ায় সংশোধন করা হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

সারজিস আলম বলেন, আইনজীবীর ভুলের কারণে হলফনামায় ৯ লাখ টাকার স্থলে ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে দাবি করে তিনি বলেন, "আমি কোনো তথ্য গোপন করিনি। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে সংশোধন করা হয়েছে।"

 

সংবাদ সম্মেলনে সারজিস আলম প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তোলেন। তিনি বলেন, বর্তমানে বিএনপির পক্ষ থেকে গুজব ছড়ানো হচ্ছে এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, অতীতে আওয়ামী লীগও একই পথ অনুসরণ করেছিল।

 

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, "বিভিন্ন পেইড প্রোপাগান্ডা সেল থেকে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছি বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।"

 

নিজের পেশা ও সম্পদ সম্পর্কে সারজিস আলম জানান, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর স্ত্রী এখনো শিক্ষার্থী ও গৃহিণী হওয়ায় তাঁর নামে কোনো আলাদা সম্পদ নেই বলেও তিনি স্পষ্ট করেন।

 



সম্পর্কিত খবর