খুলনা

হামলা-হুমকি দিয়ে কাপ-পিরিচের বিজয় ঠেকানো যাবে না: সাইফুল ইসলাম ফিরোজ

হামলা ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে কাপ-পিরিচ প্রতীকের বিজয় ঠেকানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে তিনি এ কথা বলেন।

 

হাজারো সমর্থকের উপস্থিতিতে সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষের লোকজন মাঠ ছেড়ে পালানোর ভয়ে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। তিনি বলেন, “আমি এই মাটির সন্তান। আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে বা ভয়ভীতি দেখিয়ে আমাকে নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না। যেকোনো বাধার সমুচিত জবাব দেওয়া হবে।”

 

বক্তব্যে তিনি বর্তমান পরিস্থিতি তুলে ধরে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ভোটের মাঠে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ত্রাস সৃষ্টি করছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখনই এসব সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।” আগামী ১২ ফেব্রুয়ারি কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটানোর জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

 

সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলী মন্ডল ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান। জনসভা শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 



সম্পর্কিত খবর