ঢাকা

৪ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ চলছে ডাম্পিংয়ের

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরা কাজ করেন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

ফায়ার সার্ভিস জানায়, কারখানার ভেতরে রাসায়নিক পদার্থ ও দাহ্য উপকরণ থাকায় আগুন পুরোপুরি নির্বাপণে সময় লাগছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে ডাম্পিংয়ের কাজ চলছে। পরিস্থিতি বিবেচনায় আগুন সম্পূর্ণ নির্বাপণে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে কারখানার একটি ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কারখানার ভেতরে ওষুধ তৈরির রাসায়নিক ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ১৮টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিরাপত্তা নিশ্চিত করতে দুপুর ১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেন। এ ছাড়া পুলিশ, র্যাব ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরাও সহযোগিতা করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী বলেন, "আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কারখানার ভেতরে রাসায়নিক পদার্থ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে জানা যাবে।"



সম্পর্কিত খবর