নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বাড়িতে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে কম্বল বিতরণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরমধুয়া ইউনিয়নে চরমধুয়া যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, কর্মসূচিটি চরমধুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম সিকদারের বাড়িতে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এতে আবদুস সালাম সিকদারের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন। এছাড়া ইতালি প্রবাসী বিএনপি নেতা হাবিবুর রহমান এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা আওয়াল সিকদারসহ দুই দলের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতারা একই মঞ্চে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতার আঙিনায় বিএনপি নেতাদের এই অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একাংশের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, “মানবিক কর্মসূচি অবশ্যই প্রশংসনীয়, তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলার বিষয়টিও গুরুত্বপূর্ণ।”
অন্যদিকে আয়োজক ও উপস্থিত নেতারা রাজনৈতিক বিতর্কের চেয়ে মানবিক দিকটিকে বড় করে দেখছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম সিকদার ও বিএনপি সভাপতি জসিম উদ্দিন উভয়েই জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। এখানে রাজনৈতিক বিভাজনের চেয়ে মানবিক সৌহার্দ্যের বহিঃপ্রকাশ ঘটেছে।
তবে এই ঘটনাকে ঘিরে নরসিংদীর রাজনৈতিক মহলে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ একে সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত বললেও অনেকে একে দলীয় আদর্শের পরিপন্থী হিসেবে আখ্যা দিয়েছেন।