নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান এই নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত জনসভায় জোট প্রধানকে স্বাগত জানিয়ে তিনটি তোরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭(চ) এবং বিধি ১৩(ক)-এর সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে তোরণ নির্মাণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলেও তা অমান্য করা হয়েছে বলে নোটিশে জানানো হয়।
এ ছাড়া নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য ব্যবহৃত ফেসবুক আইডির তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল না করে প্রচারণা চালানো হচ্ছে, যা বিধি ১৬(ক)-এর পরিপন্থী।
সারজিস আলমকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব বিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।