পঞ্চগড়ের আটোয়ারীতে নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সোমবার রাতে ধামোর ইউনিয়নের গাছবাড়ি এলাকায় এই ঘটনায় ইউনিয়ন বিএনপি সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম (৫০), কর্মী ধজিবুল (৩০), ফজলার (৩২) ও জুয়েলকে (১৭) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশরাফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর আহত দুই কর্মীকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে ১১-দলীয় জোটের শাপলা কলি প্রতীকের একটি মিছিল থেকে ধানের শীষের ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদ করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে জামায়াত কর্মীদের দাবি, তারা শোডাউন শেষে ফেরার পথে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার পর শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির নিজ নিজ দলের আহত কর্মীদের দেখতে হাসপাতালে যান এবং এই হামলার জন্য একে অপরকে দায়ী করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, “ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। শান্তিভঙ্গকারী ও হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”