আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা ভোট কারচুপির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁও-১ আসনের এই প্রার্থী বলেন, “দীর্ঘ ১৬ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের পর আমরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক সুযোগ তৈরি হবে।” প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালনে পেশাদারত্বের পরিচয় দেবেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত মাঠের পরিবেশ অনুকূলে রয়েছে। জামায়াতে ইসলামীর প্রচারণার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “জনগণ এখন সচেতন। ধর্মকে ব্যবহার করে বা অপপ্রচারের মাধ্যমে কাউকে বিভ্রান্ত করা সম্ভব নয়।” প্রতিপক্ষকে কখনো দুর্বল মনে করেন না উল্লেখ করে তিনি জানান, বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী এবং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে তারা আশাবাদী।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে বলেন, বিএনপি সব সময় ভোটের ফলাফল গ্রহণ করেছে। এবারও জনগণের রায় মেনে নিয়ে গণতান্ত্রিক ধারা সুসংহত করা হবে। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।