রাজশাহী

কমলাপুর স্টেশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারালেন ট্রেন পরিচালক ফিরোজ

বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের ট্রেন পরিচালক (গার্ড) ফিরোজ হোসেন সবুজ (৩৫) ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে রানিং রুমে অবস্থানকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

নিহত ফিরোজ হোসেন নওগাঁর রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ২০১৭ সালে গার্ড গ্রেড-২ পদে রেলওয়েতে যোগদান করেছিলেন।

 

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ৭৯৮ নম্বর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি নিয়ে ফিরোজ হোসেন ঢাকায় পৌঁছান। কমলাপুর স্টেশনের রানিং রুমে বিশ্রাম নেওয়ার সময় ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

 

তাঁর অকাল মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। জানাজায় উপস্থিত থাকা বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের পরিবহন ও যোগাযোগ কর্মকর্তা একরামুল বারি বলেন, “ফিরোজ হোসেন একজন অত্যন্ত দক্ষ এবং হাসিখুশি কর্মী ছিলেন। তাঁর এই অকাল প্রস্থান রেলওয়ে পরিবারের জন্য এক বড় ক্ষতি।”

 

মঙ্গলবার আসর নামাজ শেষে রাণীনগরের দাউদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 



সম্পর্কিত খবর