তুরস্কের প্রেসিডেন্ট রিসেল তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) শুরুর এক দিন আগে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে, কপ-৩১ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার (১০ নভেম্বর) ৩ দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর এই দ্বিপক্ষীয় বৈঠক সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি।
গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে দুই নেতার প্রথম বৈঠকটি হয়। এই বৈঠকে এরদোয়ান দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করানোর আহ্বান জানান। তিনি প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন।
গত জুনের শুরুর দিকে ঢাকায় এসেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের শেষ দিন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাকান ফিদান বলেছিলেন, তাঁর সফর দুই দেশের সম্পর্ককে কৌশলগত স্তরে নেওয়ার প্রথম ধাপ।
এই সাক্ষাতের পর দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের বিষয়টি ঘোষণা করা হয়। এ ছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বার্ষিক বৈঠক এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয় দুই পক্ষ।
ঢাকা সফরকালে হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থনের জন্য তিনি তুরস্ককে ধন্যবাদ জানিয়েছিলেন।
কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে যোগাযোগ বেড়েছে।