ঝিনাইদহের কালীগঞ্জে আলমসাধু চালক ওমর আলী হত্যা মামলার প্রধান আসামি ইসমাইল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
এর আগে গত রবিবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নারন্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল হোসেন যশোর জেলার হাফানিয়া গ্রামের আয়নাল বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ৫ ডিসেম্বর কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল ফার্মের রাস্তায় ওমর আলীকে হত্যা করা হয়। দীর্ঘ সময় কোনো সূত্র না মেলায় মামলাটি 'ক্লুলেস' ছিল। পরবর্তীতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তকিবুর রহমানের নেতৃত্বে একটি দল তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, ঝিনাইদহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আসামি ইসমাইল হোসেন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পেশাদারিত্ব ও আধুনিক তদন্ত পদ্ধতির মাধ্যমে এই রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। মামলার ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।