ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার রাখালগাছি ও সন্ধ্যায় বারোবাজার ইউনিয়নে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সাবেক প্রার্থী রাশেদ খাঁন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ খাঁন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি তারেক রহমানের নির্দেশনা মেনে সাধারণ মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
রাখালগাছি ইউনিয়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য জুমারত আলী জুম্মা। অন্যদিকে বারোবাজার ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠান দুটি সঞ্চালনা করেন শ্রমিক নেতা শাহাবুদ্দিন আহমেদ ও রাকিব হাসান।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এছাড়া সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।