ঝিনাইদহের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি রেস্তোরাঁকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে কালীগঞ্জ শহরের জনাকীর্ণ বাসস্ট্যান্ড এলাকার খাবার হোটেলগুলোতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ, নোংরা বাসনপত্র ব্যবহার এবং খোলা অবস্থায় খাবার সংরক্ষণের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। এ সময় উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে থানা পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন সাধারণ মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। রেস্তোরাঁ মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
এদিকে প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নিয়মিত তদারকির মাধ্যমে খাবারের মান ও পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।