খুলনা

কালীগঞ্জে তিন সহোদর ভাইকে কুপিয়ে জখম,গুরুতর আহত দুই

ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ব্যবসার দ্বন্দ্বের জেরে আপন চাচাতো ভাইদের হামলায় তিন সহোদর চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মৎস্য বাজারে এই হামলার ঘটনা ঘটে।

 

আহতরা হলেন— আরিফ হোসেন (৩৫), শরিফ হোসেন (৩২) ও জারিফ হোসেন (৩)। হামলার পর তাঁদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বড় ভাই আরিফ ও ছোট ভাই জারিফকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করা হয়েছে।

 

 

উপজেলার ফারাসপুর গ্রামের আহত শরিফ হোসেন জানান, মাছের ব্যবসা নিয়ে তাঁদের চাচাতো ভাই মনিরুলদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁরা তিন ভাই শহরের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন মৎস্য বাজারের আড়তের একটি কাঠের খাট বা চত্বরের উপর বসেছিলেন। এদিন মাছ বিক্রি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়।

 

কিছু সময় পরই ফারাসপুর গ্রামের মনিরুল ও সোহেলের নেতৃত্বে ৮-১০ জন জোট বেঁধে এসে তাঁদের তিন ভাইকে অতর্কিতে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ সময় আহতদের স্বজনদের আহাজারি করতে দেখা যায়।

 

এ ঘটনায় ভুক্তভোগী শরিফ হোসেন ৬-৭ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, "ব্যবসায়িক দ্বন্দ্বে চাচাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।"



সম্পর্কিত খবর