খুলনা

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন ছাগল হাটের পশ্চিম পাশের একটি ফাঁকা জায়গা থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ছাগল হাটের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি চীনা তৈরি পিস্তল পাওয়া যায়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

 

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা রাত দেড়টার দিকে ছাগল হাটের পশ্চিম পাশে অভিযান চালাই। সেখানে একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।”

 

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটি আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এই অস্ত্রটি সেখানে কীভাবে এল এবং এর পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



সম্পর্কিত খবর