দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়কসহ আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাদের সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের এই সিদ্ধান্ত কার্যকর করে।
বহিষ্কৃত নেতারা হলেন—উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন আহমেদ পিয়াল, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী এবং পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, আব্দুল লতিফ ও ইমরান হোসেন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই আদেশ অনুমোদন করেছেন।
বহিষ্কারের বিষয়ে সুজা উদ্দিন আহমেদ পিয়াল বলেন, “আমি বহিষ্কারের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হয়েছি। ঝিনাইদহ-৪ আসনে দলের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় আমার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”