আসন্ন ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার বিকেলে (২৩ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব পরিষদ আয়োজিত 'জাতীয় সম্মেলন-২০২৫'-এ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
তারেক রহমান জানান, বিএনপি ইতোমধ্যে এই পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, দেশের লক্ষ লক্ষ মসজিদকে কেন্দ্র করে আরও কী ধরনের উদ্যোগ নেওয়া যায়, সে বিষয়ে বিএনপি সবার পরামর্শ চায়।
তিনি আরও বলেন, অনেক মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের চাকরি মসজিদ কমিটির ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে, যা তিনি অন্যায্য আচরণ বলে মনে করেন। তারেক রহমান আশ্বাস দেন যে, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় সার্ভিস রুল প্রণয়নে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেবে, কারণ ইমাম-মুয়াজ্জিনরা সমাজে সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ।
এছাড়া, কর্মজীবনে যিনি যে পেশায় নিয়োজিত হতে চান, কিংবা যে চাকরি করেন, সে জন্য দক্ষতা ও সততা দরকার বলেও তিনি মন্তব্য করেন।