জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পারিবারিক কলহের জেরে ইসমোতারা (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার খাড়িতা গ্রামে বাবার বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের বাসিন্দা ইসমোতারা গত রাতে খাড়িতা গ্রামে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পরিবারের সদস্যদের অলক্ষ্যে ঘরের ভেতর গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের লোকজন ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর আত্মহত্যার নেপথ্যে প্রাথমিক কারণ হিসেবে পারিবারিক কলহকে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।”