আসন্ন গণভোটের প্রচার এবং সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে ঝিনাইদহে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের একটি পার্কে জেলা প্রশাসনের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার ৬টি উপজেলার ৭০০ জন ইমাম অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা গণভোটকে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে ইমাম ও ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা জুমার খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে সাধারণ মানুষকে গণভোটে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের সচেতন ও দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের পরামর্শ দেওয়া হয়।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মাহফুজ আফজাল, সিভিল সার্জন চিকিৎসক কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম। সম্মেলনে বক্তারা ধর্মীয় মূল্যবোধের আলোকে দেশপ্রেম ও নাগরিক দায়িত্ব পালনে ইমামদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।