খামারিদের দোরগোড়ায় দুধের গুণগত মান নিশ্চিত ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘ভ্রাম্যমাণ দুধ পরীক্ষাগার’ ব্যবহারের ওপর বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে বহিরাঙ্গন কেন্দ্রের আয়োজনে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল আধুনিক প্রযুক্তির মাধ্যমে খামার পর্যায়ে দুধের ভেজাল শনাক্তকরণ এবং নিরাপদ দুগ্ধজাত পণ্য সরবরাহে খামারিদের দক্ষ করে তোলা। দুই পর্বে বিভক্ত এই প্রশিক্ষণে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে দেশসেরা এই বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে কৃষিখাতকে সমৃদ্ধ করতে কাজ করছে। এই ভ্রাম্যমাণ দুধ পরীক্ষাগার কেবল একটি প্রযুক্তি নয়, এটি খামারিদের জীবনমান পরিবর্তনের হাতিয়ার। এর মাধ্যমে ভেজাল রোধ হবে এবং ভোক্তারা নিরাপদ দুধের নিশ্চয়তা পাবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রহমান।
প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ দুধ পরীক্ষাগার প্রযুক্তির উদ্ভাবক ও ডেইরি অ্যান্ড পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদুর রহমান। তিনি খামারিদের দুধের মান নির্ধারণের আধুনিক পদ্ধতি ও ভেজাল শনাক্তকরণ কৌশল শেখান। প্রশিক্ষণে গাজীপুর জেলার কাউলতিয়া ও অন্যান্য এলাকা থেকে আগত মোট ৪০ জন খামারি অংশগ্রহণ করেন।