গাজীপুর সিটি করপোরেশনের তুরাগ নদের অববাহিকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন সংস্কার ও খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের বাসন বিল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, তুরাগ নদের সঙ্গে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই অঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘ সময় ধরে তলিয়ে ছিল। এর ফলে কয়েক বছর ধরে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই জনদুর্ভোগ লাঘবে ড্রেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় তুরাগ নদে মাটি কাটার জন্য খনন যন্ত্র (এক্সকাভেটর) মোতায়েন করেছে। এই কার্যক্রমে মাঠ পর্যায়ে তদারকি ও সহায়তা করছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য এএইচ সিরাজুল হকসহ রাজনৈতিক ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনকালে এএইচ সিরাজুল হক বলেন, "কৃষকদের ফসল রক্ষা এবং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসন করে কৃষিকে পুনরুজ্জীবিত করতে।"
এলাকাবাসী ও কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে জমে থাকা পানির কারণে তাদের জীবিকা থমকে গিয়েছিল। রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে জনস্বার্থে গৃহীত এই প্রকল্পের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন ও জীবনমান দ্রুত স্বাভাবিক হবে বলে তারা আশা প্রকাশ করেন।