ঢাকা

গাজীপুরে ডিবি ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা, ৫ ভুয়া সদস্য গ্রেপ্তার

গাজীপুর মহানগরীতে গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) রাতে সদর থানাধীন চাকুলিয়া এলাকার একটি ঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাফ, ডিবি পুলিশের জ্যাকেট (কটি) এবং ভুয়া আইডি কার্ডসহ অপরাধে ব্যবহৃত নানা সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রোমান হোসেন শুভ (২৭), শাহিন আলম (৪০), মো. ইউসুফ আলী (৩৬), মো. সাইফুল ইসমাইল (৩৬) এবং মো. কবির হোসেন (৩০)। তাঁদের মধ্যে শাহিন, ইউসুফ ও রোমানের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাকুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটিকে আটক করা হয়। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একটি হ্যান্ডকাফ, ডিবি পুলিশের কটি, লেজার লাইট, ক্যামেরা, মাউথ স্পিকার এবং ‘মাতৃবাংলা’ নামের একটি ভুয়া অনলাইন পোর্টালের পরিচয়পত্র। এছাড়া একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



সম্পর্কিত খবর