গাজীপুরের কাশিমপুরে জাতীয় পার্টির (জিএম কাদের) দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা ফুলের শুভেচ্ছা গ্রহণ করে দলে অন্তর্ভুক্ত হন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি মো. রুহুল আমিন দেওয়ান এবং গাজীপুর মহানগর জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. ফারুক খানসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। রাজনৈতিক আদর্শ এবং দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
যোগদানকারী নেতাকর্মীরা বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে এবং জাতীয়তাবাদী আদর্শে দেশসেবার লক্ষ্যেই আমরা জাতীয় পার্টি ত্যাগ করেছি। এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগতদের বরণ করে নেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির এই ভাঙন আসন্ন নির্বাচনে গাজীপুরের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।