রাজশাহী

গ্রীষ্মের রোদে পোড়া দুপুরে জারুলের কোমল মায়া

জয়পুরহাট পাঠানপাড়া–মোসলেমগঞ্জ সড়কের বটতলা থেকে তোলা।

তপ্ত গ্রীষ্মের দুপুর। চারদিকে রোদের ঝাঁজ, ধুলোমাখা পথ আর ব্যস্ত মানুষের ছোটাছুটি। এর মাঝেই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজার থেকে মোসলেমগঞ্জ সড়কের বটতলা এলাকায় চোখে পড়ে এক অন্যরকম সৌন্দর্য। রাস্তার ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা জারুল গাছগুলো যেন হঠাৎ করেই বেগুনি-গোলাপি রঙে রাঙিয়ে দিয়েছে পুরো পথঘাট। দূর থেকে মনে হয়, সবুজের বুকজুড়ে কেউ যেন তুলির আঁচড়ে এঁকে দিয়েছে রঙিন জলছবি।

 

বাংলার ছয় ঋতুর দেশে জারুল ফুল গ্রীষ্মের এক অনন্য অনুষঙ্গ। বৈজ্ঞানিক নাম Lagerstroemia speciosa—দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে যার বিস্তার। ভারত, বাংলাদেশ, মিয়ানমার ও ফিলিপাইনের আবহাওয়ায় এ গাছ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। দেশে এটি জারুল নামেই পরিচিত হলেও অনেক স্থানে একে “রানি ফুলের গাছ” বলেও ডাকা হয়।

 

জারুলের ফুল সাধারণত বৈশাখ থেকে আষাঢ় পর্যন্ত ফুটে থাকে। গাছভর্তি বেগুনি, হালকা গোলাপি কিংবা লাইলাক রঙের ফুল প্রকৃতিকে এনে দেয় এক মায়াবী আবহ। কবিদের ভাষায়, “রোদের ভিতরেও ছায়া হয়ে থাকা এক টুকরো নীরব সৌন্দর্য” যেন এই জারুল।

 

স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগেও সড়কটির ধারে এমন রঙিন আবহ খুব বেশি চোখে পড়ত না। এখন গাছগুলো বড় হওয়ায় পুরো এলাকা যেন ফুলের ছাউনিতে ঢেকে গেছে। প্রতিদিন পথচারীরা একটু থেমে তাকান, কেউ ছবি তোলেন, কেউবা ছায়ায় দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন।

 

প্রকৃতিবিদেরা বলছেন, সৌন্দর্যের পাশাপাশি জারুল পরিবেশের জন্যও অত্যন্ত উপকারী একটি বৃক্ষ। এ গাছ দ্রুত বর্ধনশীল এবং ঘন পাতা ও শাখা-প্রশাখা বাতাসকে শীতল রাখতে সাহায্য করে। শহর ও গ্রামীণ সড়কের পাশে জারুল লাগালে তাপমাত্রা কমাতে ভূমিকা রাখে। গাছটি বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে।

 

এ ছাড়া জারুলের ফুল মৌমাছি ও বিভিন্ন পরাগবাহী পোকামাকড়কে আকৃষ্ট করে, যা জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক গবেষণায় দেখা গেছে, জারুল গাছের পাতা ও বাকলে ভেষজ গুণও রয়েছে। কিছু দেশে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর পাতার নির্যাস ব্যবহার করা হয়।

 

প্রকৃতিপ্রেমীদের মতে, জারুল শুধু একটি ফুল নয়; এটি বাংলার আবেগ, গ্রামবাংলার নীরব সৌন্দর্যের প্রতীক। যেমন বর্ষার আগে কালো মেঘ দেখে কৃষকের মনে আশার সঞ্চার হয়, তেমনি গ্রীষ্মের প্রখর রোদে ফুটে থাকা জারুল ফুল মানুষকে মনে করিয়ে দেয়—কঠিন সময়ের মাঝেও সৌন্দর্য বেঁচে থাকে।



সম্পর্কিত খবর