চট্টগ্রাম প্রতিদিন

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে জিপ উল্টে চালক নিহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পণ্যবাহী একটি জিপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার আলুটিলা সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি বসুন্ধরা এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে বলে জানা যায়।

পরিবার সূত্রে জানা যায়, নিহত চন্দন দত্ত আবুল খায়ের কোম্পানির ডিলার (এসএস ট্রেডার্স) নামক প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন। সকালে মাল বোঝাই করে গুইমারার উদ্দেশে বের হন তিনি। পরে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা নামক এলাকায় পৌঁছালে পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চালক ও হেলপার ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে সটকে পড়েছেন। গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে একজনের লাশ উদ্ধার করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী মাটিরাঙ্গা থানার এসআই মোবারক হোসেন জানান, দুর্ঘটনাটি অত্যন্ত দুর্গম ও গভীর এলাকায় হওয়ায় প্রথমে লাশ খুঁজে পাওয়া যায়নি। পরে বেলা ১টার দিকে একজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল মুন্না জানান, নিহত ব্যক্তির অপমৃত্যুর মামলা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



সম্পর্কিত খবর