রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন মির্জা আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমিন। এছাড়াও বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদও মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নিয়ে দলটির পক্ষ থেকে মোট দুজন মনোনয়ন দাখিল করলেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফয়সল আমিন। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মনোনয়নপত্র দাখিল করেন ওবায়দুল্লাহ মাসুদ। তবে এ সময় তাঁর সঙ্গে বিএনপির উল্লেখযোগ্য তেমন কোনো নেতাকর্মীকে উপস্থিত থাকতে দেখা যায়নি।
মনোনয়নপত্র দাখিলের পর মির্জা ফয়সল আমিন বলেন, "ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা আমাকেই নির্বাচিত করবে।" জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান বলেও জানান। এ সময় তিনি নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ জন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেছেন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, "সবাই মিলে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চাই।"
মনোনয়ন দাখিল করা বিএনপির আরেক প্রার্থী ওবায়দুল্লাহ মাসুদ বলেন, "বিএনপি একটি গণতান্ত্রিক দল। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে তিনজন আবেদন করেছিলেন। পরে দল থেকে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁদের একজন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং অন্যজন আমি।"
দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে কেন্দ্র থেকে নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি দেওয়া হবে। বিএনপি যাকে ধানের শীষ প্রতীক দেবে, তাঁর পক্ষেই তাঁরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করবেন।
উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিন, জামায়াতের দেলাওয়ার হোসেন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির হোসেন মোহাম্মদ ওমর ফারুক মনোনয়ন দাখিল করেছেন।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন দেলাওয়ার হোসেন। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৯৭ হাজার ৮১৯।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।