টাঙ্গাইলের ঘাটাইলে সড়কের পাশ থেকে খণ্ড-বিখণ্ড অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার গুনগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গুনগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দ্রুতগামী অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোেকছেদুর রহমান জানান, মরদেহটি খণ্ডিত থাকায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, "মরদেহটির পরিচয় শনাক্তের জন্য বিশেষজ্ঞ টিমের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।"
পুলিশ বর্তমানে ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।