নরসিংদীর ঘোড়াশালে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় আকাশ মিয়া (১৮) নামে ট্রাকের এক সহকারী (হেলপার) নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ঘোড়াশাল বাইপাস সড়ক এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মিয়া জামালপুরের মেলান্দহ উপজেলার লিটন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে টঙ্গী থেকে রায়পুরা অভিমুখী পণ্যবাহী একটি মিনি ট্রাক ঘোড়াশাল বাইপাস সড়কে থামে। আকাশ মিয়া ট্রাকের ওপরের মালামাল পরীক্ষা করতে নিচে নামলে বিপরীত দিক থেকে আসা প্রাণ আরএফএল গ্রুপের ভাড়ায় চালিত একটি কাভার্ডভ্যান ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা আকাশ মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে পলাশ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, “দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এদিকে, স্থানীয় বাসিন্দারা ঘোড়াশাল বাইপাস সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।